https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অজয় দেবগণের জনপ্রিয় ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তি এবারও মুক্তি পেতে যাচ্ছে সেই ২ অক্টোবরেই। সিনেমাটির গল্পে গুরুত্বপূর্ণ এই তারিখটিই এবার ছবিটির মুক্তির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। নতুন ছবির নাম ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’।
সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির নাম ও একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে অজয় দেবগণের একটি চোখ। রহস্যময় সেই চোখ যেন ছবির গল্পের অজানা নানা মোড়ের ইঙ্গিত দিচ্ছে।
পোস্টার প্রকাশ করে অজয় লিখেছেন, প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। তবে তাঁর কাছে পরিবারই সবকিছু। পোস্টারেও লেখা রয়েছে, তাঁর কাছে সত্য ও সঠিক বলতে নিজের পরিবারকেই বোঝায়।
এতে ধারণা করা হচ্ছে, আগের দুই কিস্তির মতো তৃতীয় পর্বেও পরিবারকে রক্ষা করাই বিজয় সালগাওকারের মূল লক্ষ্য হবে। আগের প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিক অবস্থার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। সেখানে নিজের সম্পর্কে মানুষের দেওয়া নানা পরিচয়ের কথা বললেও বিজয় স্পষ্ট করে, তাঁর কাছে নিজের পরিবারই সবচেয়ে বড় সত্য।
মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে ‘দৃশ্যম’ সিরিজে অজয় দেবগণ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। প্রথম দুই কিস্তিই বক্স অফিসে সাফল্য পেয়েছে। এবার তৃতীয় কিস্তিতে গল্পের সমাপ্তি টানার ইঙ্গিত মিলছে সিনেমাটির নামেই।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’-এ অজয়ের সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ আরও অনেকে।