মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, পুনর্বাসন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ডিজিটাল জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম এবং পাচারের শিকার ব্যক্তিদের টেকসই পুনর্বাসন নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনে জাতীয় রেফারেল মেকানিজম এবং মানবপাচার প্রতিরোধ তহবিল কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে বেসরকারি সংস্থার কার্যক্রম ও নতুন প্রকল্পের অনুমোদন দ্রুত সম্পন্ন করতে মন্ত্রণালয় সহযোগিতা করছে।
তিনি আরও জানান, বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সাইবার স্পেস ও ভুয়া অনলাইন চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতি এবং মানবপাচারের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাকসোদা মাকসুদি বাংলাদেশে ২০০৮ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মানবপাচার প্রতিরোধে কাজ করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটির সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন