জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার দেখা যেতে পারে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায়। ছবিটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে মুক্তির আগে তাঁর উপস্থিতি চমক হিসেবে রাখতে চাইছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, কলকাতায় গোপনে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন মেহজাবীন। যদিও তাঁর অভিনয়ের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ছোটপর্দার কাজ থেকে দূরে থাকা মেহজাবীন বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত। ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। এবার তাঁর নতুন কাজের তালিকায় যুক্ত হলো ‘খলনায়ক’।
ছোটপর্দা ও ওটিটিতে ভিন্নধর্মী গল্পের কাজ করে পরিচিতি পাওয়া নির্মাতা ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। শুরু থেকেই ছবিটির গল্প ও চরিত্র নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা। ফলে মেহজাবীনের সম্ভাব্য উপস্থিতি সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।
আফরান নিশো ও তমা মির্জার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার। ঢাকা ও কলকাতায় ছবিটির শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।
তবে মেহজাবীনের চরিত্রের ধরন কিংবা পর্দায় তাঁর উপস্থিতির ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

মন্তব্য করুন