মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অ্যাকশন কমিটির বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা করেছেন কানাডীয়-মার্কিন সংগীতশিল্পী নিল ইয়ং। অনুমতি ছাড়া নির্বাচনী সমাবেশে তাঁর জনপ্রিয় গান ‘রকিন’ ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ ব্যবহার করে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে ‘ট্রাম্প ৪৭ কমিটি ইনকরপোরেটেড’-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ইয়ং। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ডলারের পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা।

এটি ট্রাম্পের বিরুদ্ধে গান ব্যবহারের অভিযোগে ইয়ংয়ের দ্বিতীয় মামলা। এর আগে ২০২০ সালেও একই ধরনের অভিযোগে মামলা করেছিলেন তিনি। পরে ওই মামলার নিষ্পত্তি হলেও নতুন মামলায় দাবি করা হয়েছে, আগের সমঝোতার শর্ত উপেক্ষা করে আবারও গানটি ব্যবহার করা হচ্ছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ অক্টোবর ওহাইওর ইয়ংস্টাউনে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়। এ ছাড়া আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে সমর্থন আদায়ের উদ্দেশ্যে আয়োজিত অন্যান্য সমাবেশেও গানটি অসংখ্যবার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইয়ং।

১৯৮৯ সালে প্রকাশিত ‘রকিন’ ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটিকে রাজনৈতিক ভণ্ডামি এবং দরিদ্র ও গৃহহীন মানুষের দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদী সংগীত হিসেবে বর্ণনা করা হয়েছে মামলায়। ইয়ংয়ের দাবি, গানটির বক্তব্য ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

গানটির অননুমোদিত ব্যবহার বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন শিল্পীর আইনজীবীরা। একই সঙ্গে ইতিমধ্যে গানটি ব্যবহারের জন্য ১ কোটি ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন তাঁরা।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, গানটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেই—এ বিষয়ে ট্রাম্প আগে থেকেই অবগত ছিলেন। তা সত্ত্বেও নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়েছে বলে দাবি করেছেন ইয়ং।