ইসরায়েল পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সামরিক হামলা বা উসকানি চালালে বিশ্ববাজারে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর মতে, এমন পরিস্থিতি গ্যাস সরবরাহকারী দেশগুলোর পাশাপাশি ভোক্তাদের জন্যও বড় উদ্বেগ তৈরি করবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের কোনো সামরিক দুঃসাহস বা উসকানি আন্তর্জাতিক বাজারে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও বাজারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কোতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে অংশ নেওয়ার পর তিনি এই সতর্কবার্তা দেন।

এদিকে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর তেহরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইরানের কাছ থেকে তৈরি হওয়া কথিত ‘অস্তিত্বের হুমকি’ মোকাবিলায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন।

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়লে জ্বালানি সরবরাহ, গ্যাসের দাম এবং আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতা নতুন চাপের মুখে পড়তে পারে।