প্রচার শুরুর পর থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের কারণে আলোচনায় থাকা নাটকটির সপ্তম পর্ব প্রকাশের চার ঘণ্টারও কম সময়ে ভিউ ২০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ইউটিউবে দর্শকের মন্তব্যেও উঠে এসেছে নাটকটি নিয়ে মুগ্ধতা ও প্রশংসা।
বুধবার প্রকাশিত সপ্তম পর্বে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। তাদের আবেগঘন অভিনয় ও পর্দার দৃশ্য দর্শকের বিশেষ নজর কেড়েছে। প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে একসঙ্গে দেখা যাচ্ছে এই দুই অভিজ্ঞ অভিনেতাকে।
নির্মাতা মোস্তফা কামাল রাজের ভাষ্য অনুযায়ী, পর্বটি প্রকাশের চার ঘণ্টারও কম সময়ের মধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে নাটকটি নিয়ে প্রায় চার হাজার মন্তব্যও দেখা গেছে। সেখানে অনেকে গল্পের গভীরতা, বাস্তবধর্মী উপস্থাপনা ও অভিনয়ের প্রশংসা করেছেন।
এক দর্শক মন্তব্যে পরিচালককে প্রতিভাবান উল্লেখ করে বলেন, অন্য অনেক নাটকে যখন গল্পের মান নিয়ে প্রশ্ন উঠছে, তখন ‘ফিরে আসার গল্প’ মানসম্মত কাহিনি ও নির্মাণের উদাহরণ হয়ে উঠেছে। আরেক দর্শক মনে করেন, নাটকটি বাস্তব সমাজের চিত্র তুলে ধরেছে এবং পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো। কেউ কেউ জানিয়েছেন, নতুন পর্বের অপেক্ষায় থাকেন পুরো সপ্তাহ।
নাটকটির অভিনয়শিল্পীদের তালিকাতেও রয়েছে পরিচিত মুখের সমাহার। জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমের পাশাপাশি অভিনয় করছেন তানজিম সাইয়ারা তটিনী, ফাইজুল ইয়ামিন, খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূরসহ অনেকে।

মন্তব্য করুন