দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সব বাংলাদেশিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা গেলে দেশে ও বিদেশে থাকা সব নাগরিকই এর সুফল ভোগ করবেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওর নিউ ওতানি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি স্কুল পর্যায়ে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, ইংরেজির পাশাপাশি জাপানি, জার্মান ও ফরাসি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিতে পারবে। আগামী বছর থেকে এ কার্যক্রম শুরুর প্রত্যাশা রয়েছে সরকারের।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের কথা জানান তিনি।
স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালু এবং নারী ও শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হবে। এতে উন্নত চিকিৎসার জন্য গ্রামাঞ্চলের মানুষের জেলা ও বিভাগীয় শহরমুখী হওয়ার প্রয়োজন কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রস্তাবিত নিয়োগে অন্তত ৮০ শতাংশ নারী রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব কর্মী বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করবেন।
জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অবস্থান শক্তিশালী করতে প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশে শিক্ষকতাসহ বিভিন্ন কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখার কথাও বলেন।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিদেশে থাকলেও সবাই বাংলাদেশের নাগরিক। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনশক্তির দক্ষতা বাড়াতে প্রত্যেকেরই অবদান রাখার সুযোগ রয়েছে।
জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন