স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বুধবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়েল ও আন্দালুসিয়ার মধ্যবর্তী রেল চলাচল স্থগিত রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে তোলেদো প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে দক্ষিণমুখী রাষ্ট্রায়ত্ত রেনফের একটি এভিই ট্রেন দাঁড়িয়ে থাকা আইরিও ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায় এবং কিছু বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।
প্রতিবেদনে এমবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়েছে, সিগন্যালের ত্রুটি মেরামতের দায়িত্বে থাকা এক কর্মীর ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিপরীত দিক থেকে আসা আইরিও ট্রেন সম্পর্কে এভিই ট্রেনকে সতর্ক করতে ওই কর্মী ব্যর্থ হন বলে দাবি করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে আনুষ্ঠানিক তদন্তের ফল প্রয়োজন।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এথার পাদিইয়ার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং আইরিও ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জরুরি সেবাকর্মীদের তৎপরতার কথা উল্লেখ করেছেন।

মন্তব্য করুন