দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৯ জনের মৃত্যু হয়।

বিভাগভিত্তিক হিসাবে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮১৬ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩, রাজশাহী বিভাগে ২১৭, খুলনা বিভাগে ২১৪, বরিশাল বিভাগে ১৯৪, রংপুর বিভাগে ১১৬, ময়মনসিংহ বিভাগে ৮৪ এবং সিলেট বিভাগে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ২০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।