নতুন বছরের প্রথম দিন নয়, এবার বছরের শেষ সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পাবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে বই বিতরণ করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
একই দিনে দেশের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি ২০২৭ সালের নতুন পাঠ্যবই বিতরণ করতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষা ও মূল্যায়ন নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকবেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২৪ ডিসেম্বর বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। এরপর শিক্ষার্থীরা বড়দিন ও নতুন বছরের ছুটিতে যাবে। ছুটি শেষে নতুন বই নিয়ে তারা আবার পড়াশোনা শুরু করবে।

মন্তব্য করুন