বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব বাংলা ট্রিবিউনকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারের সময় পাওয়া মোবাইল ফোন ও হাতঘড়ির সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পানিতে ডুবে তাওসিফ সৌরির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন