দিনভর ১৪ থেকে ১৮ ঘণ্টা শুটিংয়ের ব্যস্ততা। এরপর বাড়ি ফিরে সন্তানের যত্ন নেওয়া ও সংসারের দায়িত্ব সামলানো। বলিউড অভিনেতা ভিকি কৌশলের এমন দায়িত্বশীল ভূমিকায় মুগ্ধ স্ত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর প্রশংসা করার পাশাপাশি সন্তান জন্মের পর তাঁদের ব্যক্তিগত জীবনে আসা পরিবর্তনের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

২০২১ সালে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এরপর তাঁদের সংসারে আসে নতুন অতিথি। প্রথমবার মা-বাবা হওয়ার পর পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন দুজনেই। ক্যাটরিনার মতে, দীর্ঘ সময় শুটিং করে ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরলেও ভিকি সন্তানের দায়িত্ব পালনে পিছপা হন না। ঘরে ফিরেই তিনি সন্তান ও পরিবারের প্রতি পুরো মনোযোগ দেন। ভিকির এই দায়িত্ববোধই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

তবে সন্তান আসার পর দুজনের ব্যক্তিগত সময় অনেকটাই কমে গেছে। আগে হঠাৎ রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা একসঙ্গে সিনেমা দেখার সুযোগ মিললেও এখন তা বেশ কঠিন। অভিভাবকত্বের ব্যস্ততায় নিজেদের জন্য সময় বের করা সহজ হচ্ছে না বলে জানিয়েছেন ক্যাটরিনা।

তবে বিষয়টি নিয়ে হতাশ নন এই তারকা দম্পতি। ক্যাটরিনা জানান, ভিকি তাঁকে সবসময় সাহস জোগান এবং আশ্বস্ত করেন, সময়ের সঙ্গে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসবে।

কাজের ক্ষেত্রেও আপাতত ধীরগতিতে এগোচ্ছেন ক্যাটরিনা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। বর্তমানে পরিবার, নিজের ব্যবসায়িক উদ্যোগ ও ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিচ্ছেন তিনি।

তবে অভিনয়ে ফেরার বিষয়ে ভক্তদের জন্য একটি চমকের ইঙ্গিত দিয়েছেন ক্যাটরিনা। ভবিষ্যতে পর্দায় ফিরলে ইতিবাচক চরিত্রের বদলে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে চান তিনি। সেই ইচ্ছা বাস্তবে রূপ নিলে দর্শকেরা তাঁর অভিনয়ের এক নতুন দিক দেখার সুযোগ পাবেন।