টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মহেড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস মহেড়া স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে রেলপথের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিলিফ ট্রেন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকারী ট্রেন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্টেশন মাস্টার জানিয়েছেন, স্টেশনের কোনো রেললাইনে আগে থেকে সমস্যা ছিল না।

লাইনচ্যুত ট্রেন উদ্ধার ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না হওয়া পর্যন্ত এই পথে ট্রেন চলাচলে বিঘ্ন থাকতে পারে।