সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত এই মামলায় গত ২ নভেম্বর নোরাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণ দেখিয়ে সেদিন উপস্থিত হননি তিনি। তার আইনজীবীরা হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।
তবে আদালত জানিয়ে দিয়েছে, বিচারিক কার্যক্রমকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ফলে নতুন করে সমন জারি করা হয়েছে।
এদিকে নোরার আইনজীবীদের দাবি, এই মামলায় অভিনেত্রী কোনো অভিযুক্ত নন। বরং তদন্তে সহায়তার জন্য তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তাদের ভাষ্য, নোরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।
তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুসন্ধানে সুকেশ ও তার স্ত্রী লীনা মারিয়া পলের সঙ্গে নোরার যোগাযোগের তথ্য উঠে আসে। নোরার দাবি, একটি অনুষ্ঠানে পারফর্ম করার বিনিময়ে তাকে বিএমডব্লিউ গাড়ি ও গুচির ব্যাগসহ দামি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
অন্যদিকে, সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কোটি কোটি রুপি দিয়েছিলেন তিনি। তবে এই অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়েছে, এমন তথ্য নেই।
দিল্লির কারাগারে বন্দি থাকা অবস্থায় ব্যবসায়ী শিবিন্দার সিং ও মলবিন্দার সিংয়ের পরিবারের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে।
এখন আগামী ৬ নভেম্বর আদালতে নোরার উপস্থিতি নিয়ে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।


মন্তব্য করুন