মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং ইউটিলিটি স্থানান্তরের সময় নগরবাসীর ভোগান্তি কমাতে আন্তঃসংস্থা সমন্বয় সভা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম।

সভায় জানানো হয়, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্পে এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে। এসব কার্যক্রমের কারণে যেন নগরবাসীর স্বাভাবিক চলাচল ও নাগরিক সেবা ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মো. শাওগাতুল আলম বলেন, মেট্রোরেল প্রকল্পের মূল নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করতে ইউটিলিটি স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থা ও প্রকল্প বাস্তবায়নকারী দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয় এবং নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে।

তিনি পরিকল্পিতভাবে মাঠপর্যায়ে কাজ করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা ও নাগরিক পরিষেবা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজউক, ডিএমপির ট্রাফিক বিভাগ, ঢাকা ওয়াসা, ডেসকো, ডিপিডিসি, তিতাস গ্যাস, বিটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া ডিএমটিসিএলের বিভিন্ন এমআরটি লাইনের প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।