ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সহায়তার অভিযোগে দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ নভেম্বর) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানের অস্ত্র সংগ্রহ ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে সহায়তাকারী নেটওয়ার্কগুলোর কার্যক্রম বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তৃতীয় দেশের মধ্যস্থতাকারী ও সরবরাহকারীদের জন্য ঝুঁকি বাড়ানোর লক্ষ্য রয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো বেলারুশভিত্তিক আর্মরি অ্যালায়েন্সের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী তলিবোভ, নাইজেরিয়াভিত্তিক ভ্যানগার্ড ট্যাকটিক্যাল সাপ্লাই লিমিটেড এবং রাশিয়াভিত্তিক আলিশের দোমুল্লোজানোভ।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভুয়া ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করে চীন থেকে ইরানের জন্য ম্যানপ্যাডস বা কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল তারা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কাছে অস্ত্র সরবরাহে জড়িত নেটওয়ার্কগুলো শনাক্ত ও তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অব্যাহত থাকবে।

ওয়াশিংটনের দাবি, এসব নেটওয়ার্ক ইরানের সামরিক কার্যক্রমে প্রয়োজনীয় সরঞ্জাম ও সম্পদ সরবরাহে ভূমিকা রাখছে।