ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে সহায়তার অভিযোগে ভারতীয় এক ব্যবসায়ী, তার স্ত্রী এবং তাদের সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৫ নভেম্বর) মার্কিন অর্থ দপ্তর জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন ভারতের চণ্ডীগড়ভিত্তিক ব্যবসায়ী সুনীল কুমার শর্মা ও তার স্ত্রী জসপ্রীত প্রীতি শাহি। তাদের বিরুদ্ধে ভুয়া সামুদ্রিক নিবন্ধন ও সনদ তৈরি করে ইরানি তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করার অভিযোগ রয়েছে।
এ ছাড়া তাদের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অশ্বিনী কুমার বিমান ও ঈশ্বরিন্দর সিং নামে আরও দুই ভারতীয় নাগরিক এবং ভারতসংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মার্কিন অর্থ দপ্তরের অভিযোগ, এই চক্রটি বিভিন্ন দেশের নাম ব্যবহার করে অনুমোদন ছাড়াই জাহাজের পতাকা নিবন্ধন ও সামুদ্রিক সনদ দেওয়ার ভুয়া সেবা পরিচালনা করছিল। অরুবা, গায়ানা, মালি, মোজাম্বিক, মালাউই, সিন্ট মার্টেন ও তিমুর-লেস্তেসহ বিভিন্ন দেশের নামে এসব কার্যক্রম চালানো হতো।
ওয়াশিংটনের দাবি, ভুয়া নথির মাধ্যমে জাহাজের প্রকৃত পরিচয় ও মালিকানা গোপন করে ইরানের তেল পরিবহনে সহায়তা করছিল নেটওয়ার্কটি।
একই দিনে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনক নামের একটি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ছয়টি মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ইরানি বিমান সংস্থাকে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবা দেওয়ার অভিযোগ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য ইরানের তেল বিক্রির আয় কমানো এবং দেশটির সামরিক কর্মকাণ্ডে অর্থায়নের সক্ষমতা সীমিত করা।
মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানকে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জল, স্থল ও আকাশপথে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।


মন্তব্য করুন