শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু পড়ালেখা নয়, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষা শিক্ষায়ও শিশুদের দক্ষ করে তুলতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ শিশু-কিশোরদেরই গড়ে তুলতে হবে। তাদের প্রত্যেককে দেশের প্রতিনিধি হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। বাংলাদেশকে বিশ্বদরবারে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হলে পড়ালেখার পাশাপাশি জ্ঞান, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হতে হবে।

তিনি বলেন, কেউ ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হবে। তবে পেশাগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দক্ষতা অর্জন করা জরুরি। শিশুদের বহুমুখী প্রতিভা বিকাশে সরকার প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরিতে কাজ করছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, আগামী জুনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেশের ৫০৩টি উপজেলা, পৌরসভা, জেলা ও বিভিন্ন ইউনিটের প্রতিযোগীরা অনলাইনে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে। এত বিপুলসংখ্যক শিশুর অংশগ্রহণ প্রমাণ করে, দেশের শিশুদের মধ্যে প্রতিভার কোনো ঘাটতি নেই। প্রয়োজন শুধু তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত সুযোগ সৃষ্টি করা।

শিশুদের বিদেশি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ছয় থেকে সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবে শিশুরা।

তিনি বলেন, পড়ালেখা, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বিশ্বে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিশুদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে এমন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হবে, যার উদাহরণ একদিন বিশ্ববাসী দেবে।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন তিনি। একই সময়ে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায়ও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং চীনা শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স উপভোগ করেন প্রধানমন্ত্রী।