ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের এই অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
জানা গেছে, সকাল ৯টার দিকে সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুরো সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনরত শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের বেআইনিভাবে কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল।
শ্রমিকরা জানান, বর্তমানে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। অথচ সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে তারা আন্দোলনে নেমেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছু সময় পর কারখানা থেকে বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়েছে।


মন্তব্য করুন