দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২ ও ৪ নভেম্বর দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। নতুন এই বৃদ্ধির ফলে মাত্র তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।