চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে সাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে।

বিভাগভিত্তিক বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট ও খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে রংপুর বিভাগে সবচেয়ে কম ৪ থেকে ৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে আবহাওয়া অধিদপ্তর।