জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দীর্ঘ বিবৃতি দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দলটির রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন।
সামান্তা শারমিনের অভিযোগ, এনসিপি শুরুতে যে রাজনৈতিক মূল্যবোধ ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, দলটি এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের প্রশ্নে শুরু থেকেই তাঁর আপত্তি ছিল। তাঁর মতে, জামায়াত প্রকৃত অর্থে সংস্কারের রাজনীতি ধারণ করে না।
বিবৃতিতে তিনি বলেন, গত ১১ মাস ধরে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত প্রস্তাব, আলোচনা ও বিতর্কের মাধ্যমে ভুল রাজনৈতিক অবস্থান থেকে এনসিপিকে ফেরানোর চেষ্টা করেছেন। কিন্তু তাতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।
২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গে সামান্তা বলেন, এনসিপির সামনে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বাইরে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেওয়ায় দলটির নিজস্ব রাজনীতির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি ও রাজনৈতিক নেতৃত্বে তাঁদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে না পারায় এনসিপির সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, দলটি পুরোনো রক্ষণশীল রাজনৈতিক ধারার মতোই নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে দূরে সরিয়ে রেখেছে।
সামান্তা শারমিনের মতে, শুধু নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্ত করলেই হবে না, দলের সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক ক্ষমতায় তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রায় এক বছরের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানগত লড়াইয়ের পর এনসিপির সঙ্গে তাঁর পথচলার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।


মন্তব্য করুন