দেশের সব হত্যাকাণ্ড ও অন্যায়-অবিচারের বিচার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিগত ১৬ বছরের বেশি সময় ধরে আন্দোলন করতে গিয়ে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে এবং সাত শতাধিক ব্যক্তিকে গুমের মাধ্যমে হারিয়েছেন তারা।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা এখনও তাদের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন। এ ছাড়া ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। অনেকের বিরুদ্ধে এমন সময়ের ঘটনার মামলা করা হয়েছে, যখন তারা ২০ বছর আগেই মারা গেছেন। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব অন্যায়-অবিচারের বিচার করতে সরকার বদ্ধপরিকর।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ পেশার উন্নয়নে আইনজীবীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি কোম্পানিতে বাধ্যতামূলকভাবে একজন আইনজীবী রাখার বিধান করতে কোম্পানি আইন পরিবর্তনের বিষয়েও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

আইনমন্ত্রী জানান, সারা দেশের যেসব আইনজীবী প্রশিক্ষণের সুযোগ পান না, তাদের প্রশিক্ষণের জন্য এ বছর ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বিচার বিভাগে অনিয়মের বিরুদ্ধে সতর্ক করে আসাদুজ্জামান বলেন, আইনজীবীদের বিচারকদের সঙ্গে অনৈতিক লেনদেনের পথে যাওয়া যাবে না। সরকার পেশাগত উৎকর্ষ বাড়ানোর পাশাপাশি বিচারব্যবস্থার সব অন্ধগলি বন্ধ করতে চায়।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামসহ বিচার বিভাগ ও আইনজীবী সমিতির কর্মকর্তারা।