বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এ লক্ষ্যে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করা হয়েছে। ফলে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন এবং ভিসা এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে।
শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন ফরমে প্রয়োজনীয় তথ্য আরও সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেরাই তা বুঝে পূরণ করতে পারেন।
এ ছাড়া সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় রাখার পাশাপাশি প্রক্রিয়াটি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করছে হাইকমিশন।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও আবেদনকারীবান্ধব করা এবং আবেদনকারীদের ভোগান্তি কমানো।
তবে ফরমের কাঠামো সহজ করার সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার কোনো পরিবর্তন করা হয়নি। আগের মতোই বিদ্যমান নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে ভিসার আবেদন যাচাই করা হবে।
বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার জটিলতা কমানো এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সহজ করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে।

মন্তব্য করুন