উয়েফা নেশন্স লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে স্পেন। শুক্রবার (৬ নভেম্বর) নভেম্বর উইন্ডোর জন্য ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। তবে চোটের কারণে জায়গা হয়নি অধিনায়ক রদ্রিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকার।

ইতোমধ্যে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এবার গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। আগামী ১২ নভেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। এরপর ১৫ নভেম্বর নিজেদের মাঠ মেট্রোপলিটনো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক আলভারো ভালেস, ডিফেন্ডার হাকোবো রামোন, মিডফিল্ডার মার্ক রোকা এবং পাবলো বারিওস ও ফরোয়ার্ড আন্দের বারেনেচেয়া। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও ডিফেন্ডার পেদ্রো পোরো।

তবে এবারের স্কোয়াডে বড় ধাক্কা হয়ে এসেছে একাধিক তারকার অনুপস্থিতি। চোটের কারণে দলে নেই অধিনায়ক রদ্রি ও মিডফিল্ডার দানি ওলমো। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া এরিক গার্সিয়াও ছিটকে গেছেন।

দল ঘোষণার সময় আবেগঘন বার্তাও দিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে। সম্প্রতি স্পেনে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় নিহতদের পাশাপাশি মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর মারা যাওয়া টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলকে স্মরণ করেন তিনি।

কোচ বলেন, এমন ঘটনা কখনোই কাম্য নয়। স্পেনের এমন শোকের মুখোমুখি হওয়া উচিত ছিল না। মাঠে যে কাজটি তারা সবচেয়ে ভালো পারেন, সেই ফুটবলের মাধ্যমেই নিহতদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে চান তারা।