কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের নগরকান্দায় নিজ বাড়ির পাশে কেএম আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বিকেল ৪টা ৪১ মিনিটে মরদেহবাহী সেনাবাহিনীর হেলিকপ্টার নগরকান্দার সরকারি এমএন একাডেমি মাঠে অবতরণ করে। পরে মরদেহ গ্রামের বাড়ি লস্করদিয়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন। এ সময় সেনাবাহিনীর ইউনিট অফিসার সাজিদ বলেন, তিতাস ছিলেন সাহসী সৈনিক। দেশের জন্য জীবন দিয়েছেন তিনি। সেনাবাহিনী সব সময় তার পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিতাস। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। প্রথমে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মন্তব্য করুন