যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হওয়া থেকে বিদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা গ্রহণ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন ভ্রমণকারীরা।

শনিবার (৭ নভেম্বর) ভিসাসংক্রান্ত এক বার্তায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কতা প্রকাশ করে মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক চিকিৎসার খরচ পরিশোধে সরকারি সহায়তা গ্রহণ করলে তা তাঁর ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে।

দূতাবাস আরও জানায়, কেউ ভিসার শর্ত লঙ্ঘন করলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা এবং দেশটিতে অবস্থানকালে নিজেদের আর্থিক ও চিকিৎসাসংক্রান্ত ব্যয় বহনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।