অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম একক সংগীতানুষ্ঠানে দর্শকদের মাতানোর পর এবার ফ্লোরিডায় কনসার্ট করতে যাচ্ছেন এই তারকা।

আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে অপূর্বর সংগীতানুষ্ঠান। দুই দিনব্যাপী ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এর দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন তিনি।

এর আগে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে নিজের প্রথম একক কনসার্টে প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেন অভিনেতা। অনুষ্ঠানে তাঁর কণ্ঠে শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’, সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’ ও ‘কেন এই নিঃসঙ্গতা’, বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’, ফিডব্যাকের ‘মৌসুমী’ এবং নগর বাউল জেমসের ‘বাবা’সহ জনপ্রিয় বেশ কিছু গান।

প্রথম আয়োজনের সাফল্যের পর যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে গান করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অপূর্ব। সে সময় তিনি বলেছিলেন, দেশটির ১২টি শহর থেকে কনসার্টের প্রস্তাব পেয়েছেন। তবে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই পরবর্তী আয়োজনগুলো করতে চান তিনি।

ফ্লোরিডার নতুন আয়োজন নিয়ে এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

একসময় অভিনয়ের শুটিং নিয়ে সারা বছর ব্যস্ত থাকলেও বর্তমানে বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটে এই অভিনেতার। প্রবাসে থাকার সময়টাকে কাজে লাগিয়ে সংগীতানুষ্ঠানের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে তাঁর।

এদিকে, অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দেশে অর্ধডজনের বেশি নাটকের শুটিং করেছেন অপূর্ব। নাটকের পাশাপাশি একাধিক সিনেমা নিয়েও আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে এই অভিনেতার।