গ্রাম পুলিশের দীর্ঘদিনের বেতন-ভাতা সংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসিক বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর পাশাপাশি এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা পাবেন মোবাইল ভাতাও।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
ঘোষণা অনুযায়ী, গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশের আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। আগে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা ৭০ হাজার টাকা আনুতোষিক পেতেন। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
যাতায়াত ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
নতুন সিদ্ধান্তের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো মোবাইল ভাতা। এখন থেকে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্য প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
সরকারের এই ঘোষণার ফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক আয় ও বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা বাড়বে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং প্রশাসনিক কাজে দায়িত্ব পালনকারী এই বাহিনীর সদস্যরা নতুন সুবিধার আওতায় আসবেন।

মন্তব্য করুন