ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। এতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে নজরকাড়া সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে আলোচনায় উঠে এসেছেন তিনি।

সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে ফটোশুটে অংশ নেন মাহি। সেখানে তার পরনে ছিল হলুদ রঙের ফ্লোর-টাচ গাউন। ফুলহাতা গাউনটির কোমরের অংশে ছিল পাথরের কারুকাজ। পোশাকের সঙ্গে ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ তার উপস্থিতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোশুটের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে সাড়া পড়ে।

শুধু একক ছবিই নয়, চার দেশের সুন্দরীদের সঙ্গেও ক্যামেরাবন্দি হয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি। তারা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

এদিকে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান এগিয়ে নিতে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মাহি।

গত ৭ নভেম্বর রাজধানীর এক জমকালো আয়োজনে গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে এবার আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশ নতুন সাফল্য পাবে—এমন প্রত্যাশা করছেন তার ভক্ত ও সমর্থকেরা।