২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দীপিকা। সে সময় ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক ও গয়নায় উপস্থিত হয়েছিলেন তিনি। তার গয়নার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি রাজকীয় হার।
মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটিতে খোদাই করা ছিল আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’। গয়নাটি সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ। সে সময় বিষয়টি নিয়ে বড় কোনো বিতর্ক তৈরি না হলেও সম্প্রতি কারিনার গয়না ঘিরে আলোচনার পর দীপিকার পুরোনো ছবিটি আবার সামনে এসেছে।
২০২৬ সালের দীপাবলি উদ্যাপনে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। লকেটটিতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনীত বালানার তৈরি গয়নাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ছবি ও ভিডিও সরানো এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে, ভোপালের কয়েকটি সংগঠন কারিনার প্রতি সমর্থন জানিয়েছে। এখন পর্যন্ত কারিনা কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কারিনার ঘটনার পর দীপিকার পুরোনো ছবি নতুন করে ছড়িয়ে পড়ায় ধর্মীয় প্রতীক ও ফ্যাশনে তার ব্যবহার নিয়ে বিতর্ক আবারও আলোচনায় এসেছে।


মন্তব্য করুন