অভিনয় থেকে সাময়িক বিরতি, কিন্তু কাজ থেকে নয়! পুত্রসন্তানের জন্মের পর আপাতত সিনেমায় নিয়মিত দেখা না গেলেও নিজের প্রসাধনী ব্র্যান্ডের ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কাজের ব্যস্ততায় কখনো কখনো সময়ের হিসাবও ভুলে যান তিনি। আর তখনই স্ত্রীকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেন স্বামী ভিকি কৌশল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও সংসারজীবন নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান ক্যাটরিনা।

অভিনেত্রী বলেন, কত ঘণ্টা কাজ করছেন, তার হিসাব রাখা কঠিন। তবে তার স্বামী ঠিকই সেই হিসাব রাখেন। কাজের মধ্যে ডুবে থাকলে ভিকি তাকে ফোন সরিয়ে রাখতে এবং কিছুটা বিশ্রাম নিতে বলেন। এমনকি ছুটির দিনেও তাদের মধ্যে কাজ নিয়ে আলোচনা হয়।

কাজ, ব্যবসা, বিয়ে ও মাতৃত্ব—সবকিছুর মধ্যে ভারসাম্য রাখা যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন ক্যাটরিনা।

তার পরামর্শ, জীবনের নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে সময় দিতে হবে। নিজের প্রতি সদয় হতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নিতে হবে।

এদিকে স্ত্রীর ব্যস্ততার মধ্যেও তার যত্ন নেওয়া ও পাশে থাকার চেষ্টা করছেন ভিকি কৌশল।