ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। এরপর কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।

বাংলাদেশ সরকার সরাসরি ফিরিয়ে আনার পরিবর্তে ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লি তাকে ঢাকার কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব সহিংসতাকে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে টিকে থাকার কৌশল হিসেবে উল্লেখ করেছেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে বিমান পাঠানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।