বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে গাজীপুরে একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র বের করে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মহানগরীর গাজীপুরা ২৭ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতরাও যোগ দেন। পরে বিক্ষোভকারীরা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে আগুন দিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর ওই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন