দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ২৮৩ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

নতুন শনাক্ত ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২৫ জন রয়েছেন। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৩, সিলেটে ১৬৭, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৯০, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ৩৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩০০।

এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গে মোট ১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

একই সময়ে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।