তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি দিতে আগ্রহী। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে এসব তথ্য জানানো হয়। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সভায় পোশাকশিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়টিও আলোচনায় আসে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার বৈঠকে মালিকপক্ষ মাসিক নিম্নতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে।
তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে দাবি করেছেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড।
পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়।


মন্তব্য করুন