দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বা শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের উদ্বেগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে শঙ্কার কিছু নেই।

ঢাকা শহরের নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সব সময় সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে।

এদিকে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় রাজনৈতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনের প্রাণহানির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধ কিংবা দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি।

ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্যও পেয়েছেন বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা সত্ত্বেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পাশাপাশি পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতাও বজায় রাখা হচ্ছে।