সীমান্তের এপারে কোনো ধরনের অপতৎপরতা বা নাশকতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাঁর জানা নেই। তবে বাংলাদেশের ভেতরে কেউ অপতৎপরতা চালাতে পারবে না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙেছে। অনেককে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হচ্ছে।
আহত সদস্যদের কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার কথাও জানান তিনি।
শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, সদস্যরা নিজেরা আহত হলেও শ্রমিক ভাই-বোনদের ওপর আঘাত করেননি। তাদের এই পেশাদারত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, কিছু মহল শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। এসব অপচেষ্টা সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সীমান্তের ওপার থেকে উসকানির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন মিছিলের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনা বিচ্ছিন্ন বলেই মনে করছেন তিনি। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান মন্ত্রী।

মন্তব্য করুন