https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা ঠেকাতে রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা প্রদর্শনের স্থানগুলোতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে নজরদারি করবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
তিনি বলেন, সংশ্লিষ্ট সব থানাকে বড় স্ক্রিনে খেলা দেখানোর স্থান চিহ্নিত করে আয়োজকদের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে খেলার জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করে সহনশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
আদাবরে বিশ্বকাপ খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রিপনের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আহত আরেক বিএনপি নেতা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।