ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

সালিশ বৈঠকে উত্তেজনা, নাতির গুলিতে আহত ৭০ বছরের বৃদ্ধ

জেলা প্রতিনিধি
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
সালিশ বৈঠকে উত্তেজনা, নাতির গুলিতে আহত ৭০ বছরের বৃদ্ধ

ছবি: -সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য ডাকা একটি সালিশ বৈঠক রক্তাক্ত ঘটনায় পরিণত হয়েছে। বাগবিতণ্ডার একপর্যায়ে নিজের নাতির গুলিতে আহত হয়েছেন নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম রশিদপুর গ্রামের মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই পরিবারের ইসমাইল হোসেন ফারুকের ছেলে এবং গুলিবিদ্ধ বৃদ্ধের নাতি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সকালে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে আয়েশা বেগমের সঙ্গে উপস্থিতদের তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তিনি ঢাকায় থাকা ছেলে আশিককে মোবাইল ফোনে বিষয়টি জানান।

সন্ধ্যায় এলাকায় ফিরে আশিক সালিশের ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি গুলি ছোড়েন। এতে নজরুল ইসলামের বাম হাতের কবজির ওপরে গুলি লাগে।

ইসমাইল হোসেন ফারুক অভিযোগ করে বলেন, “আশিক ঢাকায় ছিল। তার মা ফোন করে তাকে বাড়িতে নিয়ে আসে। এসে সে আমার চাচাকে গুলি করেছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

আহত নজরুল ইসলাম বলেন, ফারুক আমাকে সালিশে ডেকেছিল। সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সেই ঘটনার জের ধরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামিম মোহাম্মদ আফজাল জানান, আহত ব্যক্তির এক্স-রে করার পর শরীরে গুলি রয়ে গেছে কি না নিশ্চিত হওয়া যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে রেফার করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।