https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে বড় অগ্রগতি অর্জন করেছেন লেবার পার্টির নেতা পদপ্রত্যাশী অ্যান্ডি বার্নহাম। দলটির সংসদ সদস্যদের বিপুল সমর্থন পাওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে তার দায়িত্ব নেওয়া এখন সময়ের অপেক্ষা।
বৃহস্পতিবার মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই লেবার পার্টির ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পান বার্নহাম। একমাত্র প্রার্থী হিসেবে নেতৃত্ব নিশ্চিত করতে তার প্রয়োজন আর মাত্র একটি মনোনয়ন।
নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় বার্নহাম বলেন, “সবকিছু এখন সত্যিই বাস্তব মনে হতে শুরু করেছে।”
লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে দলটির নতুন নেতা ঘোষণা করা হতে পারে। এরপর ২০ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।
দলীয় নিয়ম অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অন্তত ৮১ জন এমপির সমর্থন প্রয়োজন। বার্নহাম ৩২৩টি মনোনয়ন পেলেই অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করা গাণিতিকভাবে অসম্ভব হয়ে যাবে।
এদিকে, সাবেক জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেওয়ায় বার্নহামের নেতৃত্ব পাওয়ার পথ আরও সহজ হয়েছে। কয়েকজন এমপি, যারা প্রথম দিনে ভোট দিতে পারেননি, তারাও আগামী সপ্তাহে বার্নহামকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর দলটির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।