বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম। সরবরাহ বৃদ্ধি এবং বাজারে সম্ভাব্য উদ্বৃত্তের পূর্বাভাসে মঙ্গলবার জ্বালানি তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৫টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮৮ ডলার ৭১ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে সোমবারও গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন দামে লেনদেন শেষ করে ব্রেন্ট ক্রুড।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ৭৯ ডলার ৫৭ সেন্টে নেমেছে। লেনদেনের শুরুতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় এ জ্বালানি।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান শুভ্র সরকার বলেন, হরমুজ প্রণালিতে চলাচলে ঝুঁকি থাকলেও সামগ্রিক সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় তেলের দাম বাড়ার গতি কমেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার চেয়ে বাজারে ভবিষ্যৎ অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা বেশি প্রভাব ফেলছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় তেলের দাম আবারও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, এএনজেডের জ্যেষ্ঠ পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হাইন্সের মতে, মজুত ও জ্বালানির প্রাপ্যতা কিছুটা বাড়লেও বাজার এখনো চাপের মধ্যে রয়েছে। পরিবহন ও সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা এবং মজুতের স্বল্পতার কারণে বাজার পুরোপুরি স্বাভাবিক হয়নি।

ডয়চে ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে বিশ্বজুড়ে পর্যবেক্ষণ করা তরল জ্বালানির মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৭ লাখ ব্যারেল অতিরিক্ত সরবরাহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ব্যাংকটির মতে, বৈশ্বিক জ্বালানি বাজার আবার ভারসাম্য ফিরে পাচ্ছে এবং উদ্বৃত্তের দিকে এগোচ্ছে। রয়টার্সের এক প্রাথমিক জরিপেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যের মজুত বৃদ্ধির সম্ভাবনার কথা উঠে এসেছে।