ইরানের জন্য ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান সময়মতো সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে রাশিয়া। এ লক্ষ্যে দেশটি নিজেদের বিমান বাহিনীর জন্য সু-৩৫ সরবরাহের গতি সাময়িকভাবে কমানোর পরিকল্পনা নিয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানিয়েছে, রাশিয়ার কমসোমলস্ক-অন-আমুর এভিয়েশন প্ল্যান্ট ইতোমধ্যে ইরানের জন্য ২০টি সু-৩৫ যুদ্ধবিমান তৈরি করেছে। আরও ২৮টি বিমান সরবরাহের কাজ চলছে। সব মিলিয়ে ইরানের বহরে যুক্ত হবে ৪৮টি সু-৩৫।

এই অর্ডার বাস্তবায়নে কারখানায় অতিরিক্ত শিফট চালু, নতুন উৎপাদন সরঞ্জাম স্থাপন এবং জনবল বৃদ্ধি করা হয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি—দুই ক্ষেত্রেই উৎপাদন সক্ষমতা ধরে রাখতে সক্ষম।

এর আগে সু-৩৫-এর সবচেয়ে বড় বিদেশি ক্রেতা ছিল চীন, যারা ২০১৫ সালের চুক্তিতে ২৪টি যুদ্ধবিমান কিনেছিল। পরে আলজেরিয়া ও ইথিওপিয়াও সু-৩৫ সংগ্রহ করলেও সেগুলো নতুন উৎপাদিত নয়; মিশরের বাতিল হওয়া অর্ডারের জন্য আগে তৈরি বিমান সংস্কার করে সরবরাহ করা হয়েছিল। ফলে বর্তমানে নতুন উৎপাদন লাইনের সবচেয়ে বড় চাপ ইরানের অর্ডার থেকেই এসেছে।

রুশ সূত্রের তথ্য অনুযায়ী, ইরান আরও ১২টি সু-৩০এসএম২ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের সু-৫৭ স্টেলথ যুদ্ধবিমান কেনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে উৎপাদন ব্যস্ততার কারণে এসব বিমান সরবরাহ ২০৩০ সালের দিকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের বিমানবাহিনীতে এখনও ৩০০টির বেশি পুরোনো যুদ্ধবিমান রয়েছে। তাই ভবিষ্যতে দেশটি আরও বড় পরিসরে সু-৩৫ কেনার অর্ডার দিতে পারে, যা রাশিয়ার যুদ্ধবিমান উৎপাদন ও রপ্তানি পরিকল্পনায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।