https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একই সঙ্গে আরও অন্তত তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন মার্কিন সামরিক ও কারিগরি কর্মকর্তা নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই জর্ডানে এই হামলা চালানো হয়েছে।
তবে ইরানের এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় যুদ্ধবিমান ধ্বংস বা মার্কিন হতাহতের বিষয়ে এখন পর্যন্ত স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে এবং নির্ধারিত প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী সবগুলো মাঝআকাশেই ভূপাতিত করা হয়।
চলতি মাসের শুরুতেও আল-আজরাক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল ইরান। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং মোতায়েন রয়েছে।
কয়েক দিনের বিরতির পর বুধবার রাত থেকে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার জবাবে ইরানে ভারী বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন।
উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ জানিয়েছে, দুই পক্ষকে আলোচনায় ফেরাতে প্রচেষ্টা এখনো চলমান।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||