https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য বজায় রাখা এবং জুলাই গণঅভ্যুত্থানের উত্তরাধিকার নিয়ে বিভাজন এড়িয়ে চলার আহ্বান জানান।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ হলো জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক দলের অর্জন নয়; এটি দীর্ঘদিনের ত্যাগ, গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন এবং গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত জনগণের সম্মিলিত বিজয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার পরও যদি আমরা প্রশ্ন করি—জুলাই কার, তাহলে জুলাই কারও হবে না।”
ফ্যাসিবাদ যাতে আর কখনো বাংলাদেশে ফিরে আসতে না পারে, সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চলমান সংস্কার কার্যক্রম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং ভবিষ্যতে স্বৈরশাসন প্রতিরোধে কার্যকর গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলবে।
গুমের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি আইন সংসদে উপস্থাপনের আশা করা হচ্ছে।
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির মতো রাজনৈতিক দলও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে পারে। তবে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাহী বিভাগের নয়, বিচার বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত।
বক্তব্যের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জাতীয় অর্জন হিসেবে উল্লেখ করে এর আদর্শ সমুন্নত রাখতে ঐক্য, গণতান্ত্রিক সংস্কার এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সব রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানান।