https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে বাড়তে ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম এক ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হওয়ার পরও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। এতে ৩১ জুলাইয়ের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মার্কিন অপরিশোধিত তেলের মজুত বাড়লেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনাও বাজারে উদ্বেগ বাড়াচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তবে পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান নতুন সমঝোতার কাছাকাছি রয়েছে। কাতারও জানিয়েছে, হরমুজ প্রণালী ও জাহাজ চলাচল নিয়ে ইরান-ওমানের আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে।
তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন হামলার ঘটনায় তেলের বাজারে উত্তেজনা অব্যাহত রয়েছে।