https://timenewsbangla.com

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির দ্রুত বিকাশ নতুন সম্ভাবনার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সঠিক জ্ঞান ও দক্ষতা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রগুলোর।
তিনি আরও বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সঙ্গে প্রযুক্তিনির্ভর নতুন সংকট যুক্ত হচ্ছে। তাই তরুণদের দক্ষতা উন্নয়নে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণদের সক্ষমতার ওপর সরকারের আস্থার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ক্রীড়া, সৃজনশীলতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার সুদূরপ্রসারী পদক্ষেপ নিচ্ছে।