কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ডিএমপি কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল হোসাইন, কাজী আশরাফুল আজীম, রাজন কুমার দাস ও গোলাম রুহানীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ আগস্ট, সুদীপ কুমার চক্রবর্তী ২২ আগস্ট, ইকবাল হোসাইন ২৮ আগস্ট এবং কাজী আশরাফুল আজীম ১৪ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের একাধিকবার যোগদানের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি।

অন্যদিকে, রাজন কুমার দাস ২০২৪ সালের ২৫ থেকে ৩০ ডিসেম্বর ছুটি ভোগের পর ৩১ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেননি। গোলাম রুহানীও ২০২৪ সালের ১১ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর ছয় কর্মকর্তার বরখাস্তের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হয়। কমিশন এতে সম্মতি দেওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনে তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড কার্যকর করা হয়।