https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে বেসামরিক জাহাজ লক্ষ্য করে ছোড়া তিনটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইরান দাবি করেছে, প্রতিশোধ হিসেবে তারা একটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইরান কুয়েতের দিকে দুটি এবং বাহরাইনের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর কিছু লক্ষ্যভ্রষ্ট হয় এবং বাকিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।
কুয়েত জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে।
কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতি আলোচনা গত সপ্তাহে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। সেই অচলাবস্থার মধ্যেই নতুন এ সামরিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখনো একটি সমঝোতা চুক্তিতে আগ্রহী। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের অবস্থানকে ‘পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী’ বলে সমালোচনা করেছে।
সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।