https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২০০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক ড্রোন কিনতে যাচ্ছে ভারত। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন ক্রয় চুক্তি।
ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়ার (ডিএফআই) সভাপতি স্মিত শাহ জানিয়েছেন, প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ড্রোন সরবরাহ সম্পন্ন হতে পারে। তিনি বলেন, নতুন ক্রয়াদেশের মোট মূল্য ২০ হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
গত বছর পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধে ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর ভারত এ খাতে বিনিয়োগ বাড়িয়েছে। বিশেষ করে নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও নির্ভুল হামলার ক্ষেত্রে ড্রোনের গুরুত্ব আরও বেড়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে সশস্ত্র ড্রোন, পরিবহন বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য বড় অঙ্কের একটি প্রস্তাব অনুমোদন করেছে। একই সঙ্গে দ্রুত সংগ্রহ প্রক্রিয়া চালুর মাধ্যমে সামরিক বাহিনীর জরুরি চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে ড্রোন এখন অপরিহার্য সামরিক সক্ষমতায় পরিণত হয়েছে। এ কারণে ভারত দেশীয় প্রযুক্তিনির্ভর ড্রোন উৎপাদন ও সংগ্রহে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বর্তমানে ভারতে ৬০০-এর বেশি প্রতিষ্ঠান ড্রোন ও এর যন্ত্রাংশ উৎপাদনের সঙ্গে যুক্ত। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠান সরাসরি প্রতিরক্ষা খাতে কাজ করছে। বড় শিল্পগোষ্ঠীর পাশাপাশি একাধিক প্রযুক্তিনির্ভর স্টার্টআপও এই খাতে দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই বিনিয়োগ ভারতের প্রতিরক্ষা শিল্প ও ড্রোন প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।